Published on
:
1 min read
মহারাষ্ট্রের নাসিকের পথে ভয়াবহ দুর্ঘটনা। একটি ফ্লাইওভারে লরির সঙ্গে ধাক্কা খায় ম্যাজিক ভ্যান। ফ্লাইওভার থেকে যাত্রী-সহ নীচে পড়ে যায় ম্যাজিক ভ্যানটি। এই দুর্ঘটনায় প্রাণ হারান মালদার হরিশচন্দ্রপুরের তিন পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার, মৃত তিন পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল বিধায়ক মতিবুর রহমান।
স্থানীয় সূত্রে খবর, ১৭ অক্টোবর, শনিবার ভোরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ১৩ জন শ্রমিক। দুর্ঘটনায় মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুরের আমডল গ্রামের খুরশেদ আলি এবং গহমাবাদ গ্রামের সজেমান আলি ও মহম্মদ বিসুর। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে স্থানীয় তৃণমূল বিধায়ক প্রত্যেক পরিবার পিছু ১ লক্ষ টাকা ও পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। তিনিও পরিবারের সঙ্গে দেখা করেন ও তাঁদের সমবেদনা জানান। মহারাষ্ট্র থেকে মৃতদেহগুলি দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় মাস আগে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন ওই শ্রমিকরা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই সেখানে গিয়েছিলেন তাঁরা। রাস্তার বিভিন্ন ধরনের কাজ করতেন তিন জনেই। শনিবার ভোরে ফোনে দুর্ঘটনার খবর পান।
অন্যদিকে, তৃণমূল বিধায়কের আর্থিক সাহায্যের প্রসঙ্গে ধন্যবাদ জানান তাঁরা। এছাড়াও সরকারের পক্ষ থেকে তাঁদের পাকা বাড়ি তৈরির জন্য সাহায্য করা হবে বলেও জানান মৃতদের পরিবারের সদস্যরা।
