চাঁদপুরের ফরিদগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বারপাইকা মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব শরীফ, সাহাপুর মোহাম্মদ চৌধুরী গাজী মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী।
সভায় আলেম-ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে কোনো অশুভ চক্র যাতে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জুমার খুতবায় মসজিদের খতিব ও ইমামগণ সম্প্রীতি ও শান্তি বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরবেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়, যাতে কোনো অপপ্রচার বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, ফরিদগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ উৎসব নির্দ্বিধায় ও নিরাপদে পালন করতে পারেন, সে লক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড বা গুজব রুখতে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তদারকি জোরদার থাকবে।
সভায় একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
