চট্টগ্রাম নগরীর চকবাজারের বালি আর্কেড শপিং মলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদ মেলা ‘ফেমিনা এক্সিবিশন ২০২৬’। এ উপলক্ষে শপিং মলে নিচে বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এই মেলার উদ্বোধন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেঠ প্রপার্টিজের প্রধান নির্বাহী আফতাব উদ্দিন, ব্যবস্থপনা পরিচালক সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন কায়সার লাভুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৪ অক্টোবর থেকে শুরু হওয়া মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা।
মেলায় থাকছে ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল কালেকশন, পোশাক, জুয়েলারি, পারফিউম (১০০ টাকা থেকে শুরু), ইনডোর প্ল্যান্টস, বাচ্চাদের কালেকশন, ফুড স্টল। তবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘চাটগাঁইয়া গরিলা’।
