আবদুর রশিদ, বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা দলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম। জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মা ম্যা চিংয়ের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। একই আদেশে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা পূর্ববর্তী অফিস আদেশ বাতিল করে জেলা পরিষদের সদস্যদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে ক্রীড়ার টেকসই উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিতে চান তিনি। শুধু বড় প্রকল্প গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না থেকে জেলার প্রত্যন্ত ও প্রান্তিক পর্যায়ে ক্রীড়ার সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিতে চান।
তিনি বলেন, “ক্রীড়ার মানসম্মত ও টেকসই উন্নয়নের জন্য শুধু বড় বড় প্রকল্প গ্রহণ করলেই হবে না। ক্রীড়ার সুযোগ-সুবিধা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তৃণমূল পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
কাজী নিরুতাজ বেগম জানান, তৃণমূল পর্যায়ে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ, ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ করে নারী ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি। তাঁর মতে, বান্দরবানের বিভিন্ন প্রান্তে অনেক প্রতিভাবান নারী খেলোয়াড় রয়েছেন। কিন্তু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে তাঁদের অনেকেই জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছেন না। এ কারণে নারী ক্রীড়াবিদদের জন্য প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমি আন্তরিকভাবে চেষ্টা করব প্রধানমন্ত্রীর ঘোষিত ক্রীড়া পরিকল্পনার ভিশন প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে। বান্দরবানের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নেওয়াই হবে আমার অন্যতম লক্ষ্য।”
জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পাওয়াকে নতুন সুযোগ ও দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন কাজী নিরুতাজ বেগম। তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জেলা পরিষদের সদস্য হিসেবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে চাই। জেলার ক্রীড়া উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”
নতুন দায়িত্ব পাওয়ার পর বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন পরিকল্পনা বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি এবং নারী ক্রীড়াবিদদের এগিয়ে নেওয়ার বিষয়ে কাজী নিরুতাজ বেগমের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
