প্রতিনিধি, শান্তিগঞ্জ · ১২ অক্টোবর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের করণীয়, সহযোগিতার পরিবেশ তৈরি এবং কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের মাধ্যমে কর্মসূচির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
ইউএনও হিল্লোল চাকমা কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, বিএনপি নেতা মহির উদ্দিন মহির, গোলাম রব্বানী, নুরুল ইসলাম ও জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা।
সভা শেষে বিকেল চারটায় পশ্চিম বীরগাঁও ইউনিয়নের একটি গ্রামে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ ও নাম অন্তর্ভুক্তির কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা।
গুগলে আমাদের খবর পেতে
