পদত্যাগ করা তিন মন্ত্রী।ছবি সৌজন্যে: X
Published on
:
1 min read
বাংলাদেশে বিএনপি সরকার গঠনের মাত্র আট মাসের মধ্যে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। একই সময়ে পদ ছাড়তে হয়েছে এক সংরক্ষিত আসনের মহিলা সাংসদকেও। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই পদত্যাগগুলির পিছনে ছিল সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশ। তবে কয়েকটি ক্ষেত্রে প্রকাশ্যে জানানো কারণের পাশাপাশি রাজনৈতিক মহলে অন্য ব্যাখ্যাও উঠে এসেছে।
সোমবার, ১৯ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা করেন। শনিবার ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। তিনি শারীরিক অসুস্থতার কথা জানালেও, পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়েও আলোচনা হয়েছিল।
২২ অগস্ট তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রিত্ব ছাড়েন। ওই দিনই তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়। তাঁর পদত্যাগ নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়।
এ ছাড়া, মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। ১ অক্টোবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
