ছবির ক্যাপশন: .
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে পারিবারিক কলহের সূত্র ধরে আপন চাচা ইউসুফ আলী শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করার অভিযোগ উঠেছে ভাতিজা অনিকের বিরুদ্ধে। এ ঘটনায় অনিকের মা ও বোনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জানা যায়, উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের কলেজ মোড় এলাকায় প্রতিবেশীর বাড়িতে ঝগড়া-বিবাদ চলাকালে নিষেধ করতে যান ৬০ বছর বয়সী ইউসুফ আলী শেখ। এ সময় অভিযুক্ত অনিক (২০) তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে ধারালো রামদা দিয়ে তাঁর পিঠ, মাথা ও হাতে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও মারধর করা হয়। এ সময় অনিকের মা নাসরিন ও বোন ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় অংশ নেন বলেও অভিযোগ করা হয়েছে। মারধরের পাশাপাশি অনিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা, জানালা ও টিন কুপিয়ে কেটে ফেলে এবং মোবাইল ফোন ও গলার চেন কেড়ে নিয়ে যায়। অনিকের বোনজামাই জসিম (পেশা-পুলিশ)-এর জোর খাটিয়েও ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগী ইউসুফ আলী শেখের বাড়ি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকার কলেজ মোড়ে। ভুক্তভোগীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে অভিযুক্ত অনিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন।
