শেরপুরের শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ৩৯ বিজিবি; বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
