প্রতিনিধি, গোয়াইনঘাট · ১২ অক্টোবর, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আমিন মিয়া ওই গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমিন মিয়াকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে দুর্বৃত্তদের হামলায় নিহত বদরুল আলমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বাদ এশা হাদারপার শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া।
এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় বদরুল আলমের মরদেহ বাড়িতে নেওয়া হয়। তার মৃত্যুর খবরে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে আসে। জানাজায় বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন বলে জানা গেছে।
গুগলে আমাদের খবর পেতে
