দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। এর ফলে চার দফায় সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে ১৩, ২২ ও ২৩ অক্টোবর তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছিল ৭ হাজার ১১৫ টাকা। সর্বশেষ আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ফলে চার দফায় মোট দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।
আরও পড়ুন
বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ছে, চাপে নিম্ন আয়ের মানুষ!

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৮৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৬৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম রয়েছে ২ হাজার ৩৯১ টাকা।
স্বর্ণের দামে ধারাবাহিক এই পতনের ফলে ক্রেতারা আগের তুলনায় কম দামে স্বর্ণ কেনার সুযোগ পাচ্ছেন। তবে পরবর্তী সময়ে দাম কোন দিকে যাবে, তা নির্ভর করবে বাজার পরিস্থিতি ও বাজুসের পরবর্তী মূল্য নির্ধারণের সিদ্ধান্তের ওপর।
