সিলেট ভয়েস ডেস্ক · ১২ অক্টোবর, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত সম্পূরক পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এ বিষয়ে বোর্ডে বৈঠক হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও পরিকল্পনার কথা জানানো হয়েছে। এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।
তবে গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এ বছর সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। তাদের আগের নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিতে হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘সম্পূরক পরীক্ষা গ্রহণের পদ্ধতি কেমন হবে, তা নিয়ে নীতিমালা তৈরির কাজ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। তাদের প্রশ্ন কেমন হবে, কখন পরীক্ষা নেওয়া হবে, তারা কীভাবে একাদশে ভর্তি হবে, তাদের পরবর্তী শিক্ষাবর্ষ কীভাবে সমন্বয় করা হবে, এসব বিষয় সমাধানের জন্য নীতিমালা প্রয়োজন। এ নীতিমালা প্রস্তুত করে চলতি বছরের এসএসসিতে ফেল করা পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এ জন্যই শিক্ষা বোর্ড চাইছে, আগামী বছর থেকে এ সম্পূরক পরীক্ষা চালু করতে।’
গুগলে আমাদের খবর পেতে
