দুর্গাপুজোর আগে মেট্রোয় টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ করতে দু'টি নতুন উদ্যোগ চালু করল কলকাতা মেট্রো। বুধবার পার্ক স্ট্রিট স্টেশনে নতুন ব্যবস্থার উদ্বোধন করেন মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্ত। কোনও অ্যাপ ডাউনলোড না করেই স্টেশনে থাকা কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আপাতত এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই সুবিধে পাওয়া যাবে। পরে অন্য স্টেশনেও তা চালু হবে। আমার কলকাতা মেট্রো অ্যাপের পাশাপাশি পেটিএম অ্যাপ ব্যবহার করেও নির্দিষ্ট গন্তব্যের টিকিট কাটা যাবে।