সংবাদ · রাজনীতি
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা
১৩/১০/২০২৬

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সারা দেশে পূজামণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা এই নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করবেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।খায়রুল কবির খোকন বলেন, ‘দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য বিএনপি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে স্থানীয় নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।’তিনি জানান, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ধরনের শঙ্কা বা বিঘ্ন ছাড়াই পূজা উদযাপন করতে পারেন, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বিএনপির এই নেতা আরও বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপি। অতীতেও আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রেখেছেন। এবারও যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় দলের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও উদ্যোগ নেওয়া হয়েছে। পরাজিত শক্তির যেকোনো ধরনের চক্রান্ত বা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা রুখতে স্থানীয় পর্যায়ে বিশেষ নজরদারি রাখা হবে।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহস।
মূল প্রতিবেদনে যান ↗