ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে আজ রবিবার (১৮ অক্টোবর) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় পৌঁছানোর আগমুহূর্তেই নিজেদের পূর্বঘোষিত টেস্ট স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার কিমো পল। তাঁর জায়গায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক অলরাউন্ডার শামার স্প্রিংগারকে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক বিবৃতিতে জানানো হয়েছে, কিমো পল জরুরি প্রয়োজনে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে স্প্রিংগারকে দলে নেওয়া হয়েছে। ২৮ বছর বয়সী স্প্রিংগার জাতীয় দলের জার্সিতে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেললেও টেস্টে এখনো তাঁর অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২ দশমিক ৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান এবং ৫৮টি উইকেট শিকার করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ৪ ম্যাচে ৫০ দশমিক ২০ গড়ে ২৫১ রান ও ৭ উইকেট নিয়ে নজর কাড়েন এই ক্রিকেটার। বোর্ড জানিয়েছে, পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল, তবে চোটের কারণে তাঁদের দলে নেওয়া সম্ভব হয়নি।
এর আগেই দলের নিয়মিত পেসার আলজারি জোসেফ চোটের ঝুঁকি ও কাজের চাপ কমাতে সিরিজ থেকে বিরতি নেন, যার বদলি হিসেবে শুরুতে কিমো পলকেই নেওয়া হয়েছিল। এছাড়া দারুণ ফর্মে থাকা সাদা বলের অধিনায়ক শাই হোপকেও এই সফরে বিশ্রাম দিয়েছে ক্যারিবীয়রা, যাঁর জায়গায় ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ব্যাটার কেভিন উইকহ্যাম সুযোগ পেয়েছেন। এদিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করেছে ক্যারিবীয়রা, যেখানে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ভারত সফর শেষ করেই বাংলাদেশে এসে শুরুতে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। এরপর আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরবর্তীতে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
শামার স্প্রিংগারের অন্তর্ভুক্তির পর অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেজের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন স্পিনার জোমেল ওয়ারিকান। দলের অন্য সদস্যরা হলেন—জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
