শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় গৌরীপুর পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান। সভা সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস।
সভায় বক্তব্য দেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, পৌর জামায়াতের আমির আব্দুর নুর, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কমল সরকার ও সাধারণ সম্পাদক অমল দাস এবং গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন কামাল।
এ ছাড়া সভায় বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজারিরা উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সভায় সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এমএ
