ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক ১৩ জনের ডোপ টেস্টে পজিটিভ ফল আসার পর তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে এ দণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
শৈলকুপা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনকে আট মাস করে এবং দুজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অপরাধভেদে আরও ১০ থেকে ৩০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তার (৪০), ব্রহ্মপুর সাহাপাড়ার রাজু শাহ (২৫), শেখপাড়া পদমদির রয়েল খান ওরফে রাসেল (২৫), মাইলমারি ২ নম্বর মির্জাপুরের রইচ উদ্দিন মণ্ডল (৪৬), শেখপাড়ার ইউনুস মণ্ডল (৪৫), ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরউমরাপুর গ্রামের মো. হোসেন (২২), ঝিনাইদহের হামদু কাঞ্চনপুরের বিপুল মণ্ডল (৩৫), কৃষ্ণপুর গ্রামের মো. হাসিব (২০), মো. ফরহাদ হোসেন (২০), মো. আল আমিন (২৬), মো. সাব্বির হোসেন (২৫), মো. সিরাজুল বিশ্বাস (৩২) ও মো. শাহিন হোসেন (২৮)।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লাহ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
