১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত থাকবে বেইজ ক্যাম্প
আবুল হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছাগলনাইয়া উপজেলার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্যাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ফেনী ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ফেনী ব্যাটালিয়ন পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

