স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেখানে সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না।
নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, অর্থশালী না হলেও জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, এমন সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।
গতকাল ভোলা সার্কিট হাউজে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেখানে সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। সাধারণ মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।’
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্পিকার জানান, আগামী ১০ বছরেও তার ফেরার সম্ভাবনা নেই।
ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার আরো বলেন, ‘এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে। এ গ্যাস সারা দেশের বর্তমানের রিজার্ভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে ভোলায় আরো গ্যাস ভাণ্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার। তাদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে আমি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
এ সময় সার্কিট হাউজে জেলা প্রশাসক ডা.শমীম রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএপির সদস্য সচিব রাইসুল আলমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্পিকার ১৯ অক্টোবর থেকে তার সংসদীয় আসন (ভোলা-৩) লালমোহন ও তজুমুদ্দিনে অবস্থান করছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। সফর শেষে গতকাল ঢাকায় ফিরেছেন স্পিকার।
