নিজস্ব প্রতিবেদক
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
র্যালি শেষে কালেক্টরেট চত্বরে দুর্যোগ মোকাবেলা ও সুরক্ষার ওপর একটি জীবন রক্ষাকারী বাস্তবসম্মত মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহড়ায় পানিতে ডোবা ব্যক্তি উদ্ধার, আগুন নেভানো এবং বহুতল ভবনে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।
মহড়া ও সামগ্রিক আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম, ইন্সপেক্টর লুৎফর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাঁচতে শেখা’র প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
