লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘ক্যাফে আমব্রেলা’ নামের এ ওয়েব ফিল্মে তাদের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানি, পাভেল ও সানজিদা তাসনিম। ২৯ অক্টোবর আইস্ক্রিনে মুক্তি পাবে এটি। মুক্তির আগে গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলার।
প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে চার জুটির প্রেম ও সম্পর্কের নানা সমীকরণ। ভালোবাসার মিষ্টি মুহূর্তের পাশাপাশি রয়েছে মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের টানাপড়েন। রোমান্স ও ড্রামা ঘরানার এ ওয়েব ফিল্মে মানুষের আবেগ, ভালোবাসা ও পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেছেন নির্মাতা।
লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে ‘ক্যাফে আমব্রেলা’ নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান সেরা তিন বিজয়ী। তিন নবাগত অভিনেত্রীকে নিয়ে শুটিং শুরুর আগে প্রায় এক মাসের কর্মশালা করেন শিহাব শাহীন।
লাক্সের পর প্রথম বড় কাজ হিসেবে ক্যাফে আমব্রেলাকে দেখছেন বিদুষী বর্ণিতা। প্রথম কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘লাক্সের পর এটা আমার প্রথম বড় কাজ। লাক্সের মেয়েরা একসঙ্গে কাজটি করেছি। রিহার্সালও একসঙ্গে হয়েছে। একসঙ্গে ক্যারিয়ারের শুরুর বিষয়টি খুব এক্সাইটিং। শিহাব শাহীন স্যার আমাদের অনেক সময় দিয়েছেন।’
প্রথম রানারআপ নাজাহ নাওয়ারেরও অভিনয়ে অভিষেক হচ্ছে এ ওয়েব ফিল্মের মাধ্যমে। এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ সিরিজে অভিনয় করেছেন তিনি। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে সিরিজটির কাজ করেছিলেন নাজাহ। এটিও এখন মুক্তির অপেক্ষায়। ক্যাফে আমব্রেলায় কাজের অভিজ্ঞতা জানিয়ে নাজাহ বলেন, ‘লাক্স থেকে বেরিয়ে প্রথম কাজ শিহাব শাহীন স্যারের সঙ্গে। এটা আমার কাছে বড় সুযোগ মনে হয়েছে। নতুন হিসেবে যতটা সহযোগিতা আশা করেছিলাম নির্মাতা ও সহশিল্পীদের কাছে, তার চেয়ে বেশি পেয়েছি।’
অন্যদিকে দ্বিতীয় রানারআপ আমিনা ইসলামেরও অভিনয়ে অভিষেক হচ্ছে ক্যাফে আমব্রেলা দিয়ে। তিনি জানান, এ ওয়েব ফিল্ম তার সারা জীবন মনে থাকবে। প্রথমবারের মতো ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত আমিনা। তার পরিবারও কাজটি নিয়ে আনন্দিত। দর্শকের ওয়েব ফিল্মটি ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘ক্যাফে আমব্রেলা বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে চারটি আলাদা গল্প একে অন্যের সঙ্গে যুক্ত হবে। গল্পের ভিন্নতা ও চার জোড়া অভিনয়শিল্পীর রসায়ন ওটিটির দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। ওয়েব ফিল্মটির চিত্রনাট্য তৈরি হয়েছে মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্ক ঘিরে।’
