ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বিখ্যাত রেস্ট হাউজ ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে, শুক্রবার একটি ইমেল মারফত এই হুমকি বার্তা পাঠানো হয়। পাশাপাশি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকেও ইমেলে অনুরূপ হুমকি দেওয়া হয়েছে।
বৃহন্মুম্বই পুরসভা অফিসে আসা ওই ইমেলে অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জ ছাড়াও মুম্বইয়ের বেশ কিছু স্কুল এবং মেয়রের দপ্তরে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। পাঞ্জাবি ভাষায় লেখা ওই ইমেলটি ‘স্মিথ জনসন’ নামের একটি আইডি থেকে পাঠানো হয় বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।
এর আগে বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলি চালনার ঘটনার পর থেকেই সিনে পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল সুপার স্টার সালমন খানকে টার্গেট করার পরিকল্পনা থাকলেও কড়া নিরাপত্তার কারণে তা বদল করা হয়। এরপর অমিতাভ বচ্চন ও রণবীর কপুরের বাড়িতেও রেকি করার তথ্য সামনে আসে।
তারা জানিয়েছে, ওই ইমেলে যে সমস্ত জায়গার উল্লেখ রয়েছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এইসব জায়গায় কোনও সন্দেহজনক গতিবিধি নজরে পড়েনি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
