জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ ও তেল বিতরণ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে খুলনায় লিফলেট বিতরণ করেছে যুবদল।
শনিবার (২৪ অক্টোবর) খুলনা মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল ইসলাম তুহিন।
এ সময় শফিকুল ইসলাম তুহিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে মানুষকে অবহিত করার পাশাপাশি সংকট মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সচেতন করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কাজ করছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্যসচিব রবিউল ইসলাম রুবেলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন।
আয়োজকরা জানান, জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানো এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
