ব্যবসায়ীর যাকাত বর্ষ পূর্ণ হওয়ার সময় হাতে থাকা পুরো যাকাতযোগ্য সম্পদের ওপর যাকাত দিতে হবে। বছরের মাঝখানে ব্যবসা থেকে আয় বেড়ে গেলেও প্রতিটি টাকার ওপর আলাদাভাবে এক বছর অতিবাহিত হওয়ার অপেক্ষা করতে হবে না। একজন ব্যবসায়ীর প্রশ্নের জবাবে ইসলামি ফিকহের আলোকে এ বিধান জানানো হয়েছে।
প্রশ্নে ওই ব্যবসায়ী জানান, গত বছরের মে মাসে তার যাকাত বর্ষ শুরু হয়। তখন তার কাছে ছিল চার লাখ টাকা। পরে ব্যবসায় উন্নতি হওয়ায় যাকাত বর্ষ পূর্ণ হওয়ার সময় তার হাতে টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় ছয় লাখে। এখন বছরের মাঝখানে অর্জিত আয়ের যাকাত কীভাবে হিসাব করবেন, তা জানতে চান তিনি।
জবাবে বলা হয়, যেদিন যাকাত বর্ষ পূর্ণ হবে, সেদিন তার মালিকানায় যত যাকাতযোগ্য সম্পদ থাকবে, তার পুরো পরিমাণের ওপর যাকাত আদায় করতে হবে। সে হিসাবে যাকাত বর্ষ পূর্ণ হওয়ার দিন তার কাছে ছয় লাখ টাকা থাকলে, অন্যান্য প্রাসঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে পুরো ছয় লাখ টাকার যাকাত দিতে হবে।
এ বিষয়ে ফিকহের গ্রন্থ কিতাবুল আসল-এ উল্লেখ রয়েছে, যাকাত বর্ষ পূর্ণ হওয়ার দিন সম্পদের মূল্য হিসাব করে তার ওপর যাকাত আদায় করতে হবে। সম্পদের আগের বৃদ্ধি বা হ্রাসের ভিত্তিতে আলাদা হিসাব করার প্রয়োজন নেই।
এদিকে যাকাতের হিসাব করার ক্ষেত্রে হিজরি বা চান্দ্রবর্ষ অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, ইংরেজি বা সৌরবর্ষ চান্দ্রবর্ষের তুলনায় প্রায় ১১ দিন দীর্ঘ। ফলে ইংরেজি বর্ষ অনুযায়ী যাকাত আদায় করলে দীর্ঘমেয়াদে যাকাতের পরিমাণ কম হওয়ার আশঙ্কা থাকে।
তথ্যসূত্র: কিতাবুল আসল ২/৮৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯২; আলবিনায়া ৪/৭২; মাজমাউল আনহুর ১/৩০৭; আলবাহরুর রায়েক ২/২২২; আদ্দুররুল মুখতার ২/২৮৮।