কালবেলা · রাজনীতি
স্পেনের রাজাকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র
১২/১০/২০২৬

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে এ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে শুভেচ্ছাপত্রটি তুলে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুভেচ্ছাপত্রে স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপ, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
চিঠিতে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এ ছাড়া স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের বিষয়টিও শুভেচ্ছাপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়।
স্পেনের দূতাবাস আয়োজিত এ সংবর্ধনায় বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗