যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বন্দরের আবাসিক এলাকার পাশে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে টেন্ডার-সংক্রান্ত বিরোধের জেরে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, বাড়ি ফেরার পথে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারের পথরোধ করে। পরে তাকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে মামলা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে, বন্দরের একজন প্রকৌশলীর ওপর এমন হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হামলার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।
