দোয়ারাবাজার প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং পূজারিদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। সবাই যেন আনন্দ ও নিরাপদ পরিবেশে এ উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশকে জানাতে হবে। আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মামুন মুনশি উপস্থিত ছিলেন।
