বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো আর্থিক লেনদেনের অনুরোধে সাড়া না দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ অবস্থায় ওই অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
এতে আরও বলা হয়, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে কেউ আর্থিক লেনদেনের অনুরোধ জানালে তাতে সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো বার্তা, অর্থ চাওয়ার অনুরোধ কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত নির্দেশনা যাচাই না করে বিশ্বাস না করার জন্য সতর্ক করা হয়েছে।
