বাঁশখালী ক্রিকেট একাডেমি আয়োজিত একাডেমি কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করপোরেট ওয়ারিয়র্স ক্রিকেট দলকে ১৭৪ রানে পরাজিত করেছে বাঁশখালী ক্রিকেট একাডেমি। ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন মিজানুর রহমান তারেক ও নয়ন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন নয়ন। বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উদ্বোধক ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ–সভাপতি জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জামাল হোসাইন, মো. শোয়াইবুর রহমান, ইসলামুল হক মাসুদ, জহির উদ্দিন মজুমদার, আবুল হাশেম, জসিমুল হক চৌধুরী প্রমুখ। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করে। দলের হয়ে মিজানুর রহমান তারেক ১০২ এবং নয়ন ১২১ রান করেন। এছাড়া জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর অপরাজিত ১৩ রান করেন। করপোরেট ওয়ারিয়র্সের পক্ষে রাকিব ২টি এবং সাদ্দাম ও সোহান ১টি করে উইকেট নেন। জবাবে ২৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে করপোরেট ওয়ারিয়র্স ১৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের হয়ে আসিফ ২৬, জনি ২৫ ও সোহেল ১৬ রান করেন। বাঁশখালী ক্রিকেট একাডেমির পক্ষে সোহান ৪টি, তোহা ২টি এবং জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর, আফিফ ও তৌহিদ ১টি করে উইকেট শিকার করেন। ফলে ১৭৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বাঁশখালী ক্রিকেট একাডেমি।

