চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে এমনই চমকপ্রদ রূপে হাজির হয়েছেন অভিনেত্রী পরীমনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেছে, লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন পরী। মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের বড় মালা, গা-ভর্তি গয়না। আর হাতে পদ্মফুল।
একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে দাঁড়ালে এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়েছেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তাঁর অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’; কেউ লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’। আরেকজনের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি, সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’
পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে পরীর ওই পোস্টে প্রতিক্রিয়া ৩৭ হাজার ছাড়িয়ে যায়। মন্তব্য ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার। শেয়ারও হয়েছে শত শতবার। আর ভিডিওটির ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখ। বোঝাই যাচ্ছে, পরীর এই বিশেষ ফটোশুট নেটিজেনদের পছন্দ হচ্ছে।
অভিনয়ে পরীর হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’। এই ওয়েব ফিল্মে তাঁর সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং করেছেন তাঁরা। মুক্তির বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।
