শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৬ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে মুক্তি পেয়েছে নতুন চার সিনেমা। এ তালিকায় দেশের তিনটি চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির অংশ হিসেবে যুক্ত হয়েছে হলিউডের একটি আলোচিত সিনেমা। দেশের চলচ্চিত্র তিনটির বিশেষত্ব হলো—সব কটিই বাস্তব জীবনের সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমা তিনটি হলো ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। অন্যদিকে বিশ্বব্যাপী মুক্তির অংশ হিসেবে একই দিন থেকে দেশের সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে মারপিটধর্মী হলিউড চলচ্চিত্র ‘স্ট্রিট ফাইটার’।
পারিবারিক আবেগ ও মূল্যবোধের গল্প নিয়ে পরিচালক কামরুজ্জামান নির্মাণ করেছেন ‘স্নেহের বন্ধন’। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি ঐতিহ্যবাহী যৌথ পরিবারকে ঘিরে, যেখানে সময়ের পরিবর্তনে ভাই-বোন ও মা-বাবার মধ্যকার সম্পর্কের মধ্যে অহংকার, দূরত্ব ও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে জীবনের চরম সংকটকালে সেই মান-অভিমান ভেঙে রক্তের টান ও পারস্পরিক ভালোবাসাই পরিবারের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। মো. শাহ আলম প্রযোজিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খানসহ অনেকে।
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আরেক চলচ্চিত্র ‘চিরকুট’-এর পটভূমি গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে। ক্যাম্পাসজীবনের তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নষ্টালজিক প্রেম এবং জীবনের নানা টানাপোড়েনের গল্প সেলুলয়েডে তুলে ধরেছেন নির্মাতা মুনতাসির আকিব, যা তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। গল্প ও চিত্রনাট্য রচনার পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন।
দেশের তৈরি পোশাকশিল্পের বহুল আলোচিত ‘ঝুট ব্যবসা’কে কেন্দ্র করে তৈরি হয়েছে অপরাধ ও বাস্তবধর্মী সিনেমা ‘কাট-পিস’। ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা বিপুল অর্থবিত্ত, রাজনৈতিক ক্ষমতা, আধিপত্য বিস্তার ও সংঘাতের অন্ধকার জগতই সিনেমাটির মূল উপজীব্য। ইফফাত জাহান মমর পরিচালনা ও প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। গত রোজার ঈদে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
এছাড়া বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত হলিউডের অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা ‘স্ট্রিট ফাইটার’ দেশের দর্শকেরা উপভোগ করতে পারছেন। ১৯৯৩ সালের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা রিউ এবং কেন মাস্টার্স একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধী চক্র ‘শ্যাডালু’ ও তাদের প্রধান এম বাইসনের বৈশ্বিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়। কিতাও সাকুরাই পরিচালিত এই মেগা প্রজেক্টে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, ক্যালিনা লিয়াং এবং ভারতীয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল।
