Published on
:
1 min read
অসমের ধুবুড়িতে বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে এক তরুণের দেহ। মৃতের বাড়ি দার্জিলিংয়ে। ঘটনায় বাড়ছে রহস্য। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনুজ দর্জি। বছর ১৯-এর অনুজের বাড়ি দার্জিলিং জেলায়। অসমের ধুবুড়ির জিটিবি রোডের পাঁচমোড়ের কাছে একটি বাড়ির টিনের চাল থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কাজের জন্য দার্জিলিংয়ের সিংলা এলাকা থেকে অসমে গিয়েছিলেন ৯ জন। ধুবুড়িতে মোমোর দোকান এবং বিউটি পার্লারে কাজ করতেন তাঁরা। সেখানেই একটি ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন ওই ন’জন। ওই ভাড়া বাড়ির ছাদ থেকেই পাওয়া গিয়েছে অনুজের দেহ।
এই নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেন্সিক টিমের সদস্যরাও। তবে কী কারণে ওই তরুণের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
এই মৃত্যুর কারণ জানতে ওই বাড়িতে থাকা অন্যদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তাঁদেরই এক জন পুলিশকে জানিয়েছেন, ওই বাড়িতে একটি ঘরে আর এক যুবকের সঙ্গে থাকতেন অনুজ। শনিবার রাতে অনুজ বাড়িতে তালা মেরে চলে যান। বাড়িরই ছাদ থেকে পাওয়া গিয়েছে অনুজের দেহ। তবে সন্ধান মেলেনি অনুজের সঙ্গী যুবকের।
