একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন সাদিয়া জাহান প্রভা। মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করে অসংখ্য নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। দীর্ঘ পথচলায় দেখেছেন অনেক উত্থান-পতন। সব ঝড় পেরিয়ে এখন নিজের মতো করে ভালো থাকতে শিখেছেন এই অভিনেত্রী। নাটকের পাশাপাশি কাজ করছেন ওটিটি ও সরকারি অনুদানের সিনেমায়।
অভিনেত্রী জানিয়েছেন, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসাবে কাজ করছেন এবং এটিই বর্তমানে তার প্রধান ব্যস্ততা। অভিনয়কে আপাতত এখন প্রধান পেশা হিসাবে না দেখে ‘সেকেন্ড অপশন’ বা দ্বিতীয় পছন্দ হিসাবে নিচ্ছেন। অভিনয়ে ফেরা বা নিয়মিত হওয়া নিয়ে তার কোনো তাড়াহুড়া নেই। কেবল ভালো গল্প, আলাদা ধরনের চরিত্র কিংবা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললেই তিনি কাজ বেছে নেন।
তবে এরইমধ্যে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন তিনি। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।’
এছাড়া সম্প্রতি ওটিটিতে প্রচারিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নাটক ‘লুক আ লাইক’ নামে একটি নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন প্রভা। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নামে একটি নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এনটিভিতে চলতি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তেও তিনি অভিনয় করছেন।
