Published : 24 Oct 2026, 07:20 PM
Updated : 24 Oct 2026, 07:20 PM
মহারণ পরিচালনার গুরু দায়িত্ব পেয়েছেন হুয়ান মার্তিনেস মুনুয়েরা। ৪৪ বছর বয়সি রেফারির এটি হবে ক্যারিয়ারের পঞ্চম ক্লাসিকো।
কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ও রেয়ালের ম্যাচের আবহ হয়ে উঠেছে উত্তপ্ত। ম্যাচ শেষে বিতর্ক এবং রেফারিকে কাঠগড়ায় তোলা হয়ে গেছে নিয়মিত চিত্র।
নেগ্রেইরা ইস্যুতে সম্পর্ক ভেঙে গেছে স্পেনের দুই সফলতম ক্লাবের। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে মাদ্রিদ ডার্বির পর থেকে রেফারিদের লক্ষ্য করে টানা সমালোচনা করছেন রেয়াল কোচ জুজে মরিনিয়ো।
ক্লাসিকোয় বরাবরই স্নায়ুচাপ থাকে প্রবল। এবার পরিস্থিতি আরও সঙ্গীন হওয়ায় হয়তো সিটিএ (টেকনিক্যাল কমিটি অব রেফারিজ) রেফারি হিসেবে বেছে নিয়েছে অভিজ্ঞ মুনুয়েরাকে।
২০১৩ সাল থেকে লা লিগা ও ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছেন তিনি।
২০২০-২১ মৌসুমে প্রথম ক্লাসিকো পরিচালনা করেন মুনুয়েরা। কাম্প নউয়ে ওই ম্যাচ ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সের্হিও রামোসের জার্সি ধরে ক্লেমো লংলে টান দেওয়ায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেওয়ায় অসন্তোষ দেখায় স্বাগতিকরা।
এক বছর পর ফের ক্লাসিকো পরিচালনা করেন মুনুয়েরা, এবার সান্তিয়াগো বের্নাবেউয়ে। ওই ম্যাচে ৪-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা।
২০২২-২৩ মৌসুমে কোপা দেল রের ফিরতি লেগে রেফারি হিসেবে কাজ করেন মুনুয়েরা। সেবার ৪-০ গোলে জেতে রেয়াল। ওই সময়েই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শেষবার ক্লাসিকো পরিচালনা করেন তিনি। ৪-১ গোলের আরেকটি বড় জয় পায় রেয়াল। মুনুয়েরার পরিচালনায় চার ক্লাসিকোর তিনটিতেই জেতে তারা।
এরপরও অসংখ্যবার মুনুয়েরার সমালোচনা করেছে রেয়াল। এমনকি তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটিতে অভিযোগও করেছে স্পেনের সফলতম ক্লাবটি।
মুনুয়েরার পরিচালনায় সব মিলিয়ে ৩০ জয় পেয়েছে রেয়াল। নয়টিতে ড্র করেছে, হেরেছে সাত ম্যাচে। বার্সেলোনাও তাকে নিয়ে প্রশ্ন তুলেছে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা তার রেফারিংয়ে ২৪ ম্যাচ জিতেছে, ছয়টিতে ড্র করেছে, হেরেছে চারটিতে।
চলতি মৌসুমে এটি হবে মুনুয়েরার ষষ্ঠ ম্যাচ। মালাগার বিপক্ষে রেয়াল এবং সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তবে সে সবের সঙ্গে কোনো মিলই হয়তো থাকবে না ক্লাসিকোয়। সেখানে পরিস্থিতি সামাল দিতে ‘পুলিশ’ হিসেবে নিজের অভিজ্ঞ কাজে লাগাতে হবে তাকে!
