প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, “আপনারা সতর্ক থাকবেন। আমরা মাঠ ছেড়ে পালাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করা হবে। এ দেশে রক্ত ঝরিয়েছি, এ দেশেই মরব। যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকব।”
শুক্রবার (১৬ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে যুবদলের কর্মী সভা ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলগী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, সহ-সাংগঠনিক মাহমুদুর রহমান তুরান, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রোমিওসহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রমুখ।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে আলগী ইউনিয়নে সবার সম্মতিক্রমে একটি সুন্দর ও সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।