বান্দরবান জেলা সংবাদদাতাঃ
বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে পাঁচ দিন পর চট্টগ্রাম মহানগরী থেকে উদ্ধার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালানো হয়। খুলশী ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের অপর একটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩), হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)
তারা সকলেই লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তিন শিক্ষার্থী বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তবে তারা কীভাবে চট্টগ্রামে পৌঁছালো এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেল।
The post বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়া৩ স্কুলছাত্রীকে ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার appeared first on সকালের খবর ২৪.
