দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
নারায়ণগঞ্জ বন্দরে মো.ফজলুল করিম স্মৃতি আন্ত;মাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহায়তায় এবং মো. মঞ্জুরুল করিমের পৃষ্ঠপোষকতায় বন্দর ক্লাব লিমিটেড এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিতর্কে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আলী নূর খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, চিত্র শিল্পী সানাউল আরেফিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, পতিত সরকারের শাসনামলে অটোপাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে আধুনিক ও গণমুখী শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বিতর্ক মানে বিরোধ নয়,বিতর্কের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।
তাই এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। বুধবার সকালে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
"সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে" প্রতিপাদ্যের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক করা হয়।
এতে বিচারক প্যানেলের রায়ে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়।
পরে উভয় দলকে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাকসুদা ইয়াসমিন, শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ।
