হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী ওয়ারাংছড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ওয়ারাংছড়া বিওপির আওতাধীন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও অধিনায়কের দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক জোরদারে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় আলীকদম ব্যাটালিয়ন দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে।
মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও ইউনিটের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
The post দুর্গম ওয়ারাংছড়ায় ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০ জন appeared first on Ctgtimes.com.
