বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি চাঁদের গাড়ির সংঘর্ষে চালকসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারিপাড়া সংলগ্ন ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম ও মো. আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে গাজীপুরের শরিফুল ইসলাম ও মো. আলম, নারায়ণগঞ্জের আবদুল্লাহ আল মামুন, মো. ইমরান, আরিফুল ইসলাম, হেদায়েত উল্লাহ, বাবুল মিয়া ও নজরুল ইসলাম, দিনাজপুরের সাজেদুর রহমান, রাজশাহীর কামাল হোসেন, ময়মনসিংহের মোস্তাফিজুর রহমান এবং বান্দরবানের লামার চালক গিয়াস উদ্দিন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপ নিয়ে থানচিতে শিক্ষা সফরে যান। ফেরার পথে ৯ কিলোমিটার এলাকায় বহরের একটি গাড়ি সামনে থাকা আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আলীকদম থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ অনুসন্ধানে তথ্য যাচাই করা হচ্ছে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম পাহাড়ি সড়কে চালকদের সতর্ক থাকা ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
