তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমীর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার কড়িকান্দি (সদর) ইউনিয়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৫-২৬ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মেদ মোফাচ্ছের। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি ও চলাফেরার বিষয়ে সচেতন থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ইউএনও বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠালেই অভিভাবকদের দায়িত্ব শেষ হয় না। পড়াশোনার পাশাপাশি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও ভূমিকা রাখতে হবে। তিনি বন্দরামপুর আদর্শ একাডেমীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রতিষ্ঠানের উন্নয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন।
বন্দরামপুর আদর্শ একাডেমীর সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা. সারজিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গার্লস কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, বন্দরামপুর আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক আবদুল আল মামুন, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কড়িকান্দি (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সী, আবুল কালাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন সরকার এবং তিতাস মিশন স্কুলের প্রধান শিক্ষক খন্দকার ইব্রাহিম খলিল ফরহাদসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে দোয়া ও মোনাজাত, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
