জয়পুরহাটে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালারজির (আইএমএমএম) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) ও সরকারের যুগ্ম সচিব আবুল ফাতাহ মো. বালিগুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী। বক্তব্য দেন সিনিয়র ইঞ্জিনিয়ার ড. তৌফিক আহমেদ ও জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।
বক্তারা বলেন, গবেষণাপ্রতিষ্ঠানে উদ্ভাবিত প্রযুক্তি শিল্প উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা গেলে নতুন শিল্প-কারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশের খনিজ সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং দেশীয় শিল্পের বিকাশে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উদ্ভাবনকে বাস্তব উৎপাদনে কাজে লাগানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এভারলাস্ট মিনারেলস, বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিংয়ের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া স্থানীয় শিল্পোদ্যোক্তা, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
