পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কাছে স্ত্রী সারাহ ভরওয়ানার জন্মদিন যেন কেবল একটি দিনের উদযাপন নয়। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, স্ত্রীকে উদযাপনের জন্য একটি দিন যথেষ্ট নয়, বরং পুরো সপ্তাহ কিংবা মাসজুড়েই উদযাপন করতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি এমনই ভালোবাসামাখা বার্তা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই গায়ক।
সোমবার (১৯ অক্টোবর) ইনস্টাগ্রামে সারাহর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করেন আতিফ। ছবিগুলোতে রয়েছে ভ্রমণের স্মৃতি, একসঙ্গে রাতের খাবার খাওয়ার মুহূর্ত এবং দুজনের সেলফি। তারকাখ্যাতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবনের কিছু আনন্দঘন মুহূর্ত উঠে এসেছে এসব ছবিতে।
পোস্টের ক্যাপশনে আতিফ লিখেছেন, ‘শুভ সারাহ দিবস, সপ্তাহ ও মাস। তোমাকে উদযাপনের জন্য একটি দিন কখনোই যথেষ্ট হতে পারে না। তোমার শক্তি, তোমার হৃদয় আর তুমি যেমন, তোমার সবকিছুর প্রতিই আমি মুগ্ধ, আমার রানি।’
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে অবশ্য আতিফের এই পোস্টই প্রথম নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সারাহকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আক্ষেপের সুরে বলেছিলেন, যদি আরও আগে সারাহর সঙ্গে পরিচয় হতো, তাহলে একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করা যেত।
আতিফ ও সারাহর পরিচয় বহু বছরের। সারাহ যখন লাহোরের কিনেয়ার্ড কলেজে পড়াশোনা করতেন, তখন তাদের পরিচয় হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কনসার্ট আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা, এরপর প্রেম। ২০১১ সালের অক্টোবরে বাগ্দান করেন তারা। ২০১৩ সালের মার্চে লাহোরে বিয়ের মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু করেন এই দম্পতি। বর্তমানে তাদের পরিবারে রয়েছে তিন সন্তান। দুই ছেলে আবদুল আহাদ ও আরিয়ান এবং মেয়ে হালিমাকে নিয়ে তাদের সংসার। ২০২৩ সালের মার্চে জন্ম নেয় তাদের মেয়ে হালিমা।
দীর্ঘ ১৮ বছর পর গত ৩১ জুলাই পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন আতিফ। ‘সুবাহ আয়ে না’ শিরোনামের এই অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আলোচনার মধ্যেই এবার স্ত্রীকে ঘিরে তার ভালোবাসার প্রকাশ ভক্তদের সামনে তুলে ধরল তার জীবনের আরেকটি দিক।
