চাঁদপুর : সাগর থেকে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসা মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেদের সচেতন করা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ক্লিন চাঁদপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত শহরের পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, দোকানঘর, বহরিয়া এলাকায় জেলেদেরকে মা ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহন করেন।
সংগঠনের সদস্যরা এ সময় অসাধু উপায়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অনুরোধ জানান। একই সময় এসব এলাকার প্রায় দুই শতাধিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
‘ক্লিন চাঁদপুর’ এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, উপকূলীয় এলাকার জেলেদের সরকারের দেয়া নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ না ধরার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, ২২ দিনের জন্য সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। তারপরেও জেলেদের পাশে আমরা ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি। তাদের যেন কিছুটা হলেও সহায়ক হয়।
‘ক্লিন চাঁদপুর’ নামে এই সংগঠনটি ইতোমধ্যে বহু সমাজসেবামূলক কাজ করে আসছে। চাঁদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ‘বর্জ্যরে বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ কর্মসূচি’। সড়কে শৃঙ্খলা ও সড়ক সংস্কার সহ যে কোন দূর্যোগে সরকারের পাশাপাশি এই সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিক হয়ে কাজ করে আসছে।
ফম/এমএমএ/
