SIR-বিরোধী বিক্ষোভে সুপ্রিম কোর্ট চত্বরে রাহুল গান্ধী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মহিলা সাংবাদিক রিচা পরাশর। তিন মাসের অন্তঃসত্ত্বা ওই সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনাকে বিজেপির রাজনৈতিক প্রচার বলে দাবি করেছে কংগ্রেস।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর প্রতিবাদে বিরোধীদের কর্মসূচি ঘিরে বিতর্কের ঝড় দিল্লিতে। আন্দোলন চলাকালীন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। এ বার লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল। সাংবাদিক রিচা পরাশরের দাবি, সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে বিরোধীদের বিক্ষোভ চলাকালীন রাহুল তাঁর হাত ধরে জোরে টান দেন। এর পরেই নিরাপত্তারক্ষীদের ধাক্কায় তিনি সিঁড়িতে মুখ থুবড়ে পড়েন বলে অভিযোগ। তাঁর উপর ক্যামেরাপার্সন-সহ আরও কয়েক জন পড়ে যান বলেও দাবি করেছেন রিচা। তিন মাসের অন্তঃসত্ত্বা ওই সাংবাদিককে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিক কী অভিযোগ রিচার?
সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের বিক্ষোভ ঘিরেই এই ঘটনা বলে অভিযোগ। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে রিচা জানান, রাহুল গান্ধীর বক্তব্য রেকর্ড করার জন্য সুপ্রিম কোর্ট চত্বরে একটি গেটের কাছে অপেক্ষা করছিলেন তিনি। রাহুল বেরিয়ে আসার সময়ে তাঁর দিকে মাইক্রোফোন এগিয়ে দেন রিচা। প্রথমে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন কংগ্রেস সাংসদ। সেই অনুযায়ী মাইক সরিয়ে নেন তিনি। কিন্তু অন্য সাংবাদিকদের মাইক্রোফোন ফের রাহুলের দিকে এগিয়ে যেতে দেখে নিজের মাইকও এগিয়ে দেন রিচা।
সাংবাদিকের অভিযোগ, এর পরেই রাহুল তাঁর হাত ধরে জোরে টান দেন। পরিস্থিতি সামলাতে গিয়ে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা দেন বলে দাবি রিচার। এর ফলে সিঁড়িতে পড়ে যান তিনি। তাঁর ক্যামেরাপার্সনও পড়ে যান তাঁর উপর। এই ঘটনায় তাঁর ফোন ভেঙে গিয়েছে এবং মাইক্রোফোনের রিসিভার খুলে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রিচার কথায়, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তিনি কিছু বুঝে ওঠার সুযোগ পাননি। তাঁর দাবি, পড়ে যাওয়ার পরে শারীরিক ভাবে অসুস্থ বোধ করেন তিনি। ঘটনাস্থলে কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেননি বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক। তাঁর বক্তব্য, বিষয়টি কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই এই পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার কংগ্রেসের
রিচার অভিযোগ সামনে আসতেই তা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেসের তরফে ঘটনাটিকে বিজেপির প্রচার বলে দাবি করা হয়েছে। গেরুয়া শিবিরের নেত্রী অলকা লাম্বা সোশ্যাল মিডিয়ায় অভিযোগের সময়ক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, বিকেল ৩টে-৪টের মধ্যে ঘটনা ঘটেছে বলা হলেও সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হিসেবে রাত সাড়ে ৮টার নথিভুক্ত রয়েছে। রিচার চিকিৎসা এবং এক্স-রে করানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, রিচা দাবি করেছেন, ঘটনার ভিডিয়ো রয়েছে এবং সেখানে তাঁর সঙ্গে কী ঘটেছে, তা বোঝা যাবে। তবে প্রকাশ্যে আসা ভিডিয়োয় রাহুল গান্ধী তাঁকে ধাক্কা দিয়েছেন কি না, তা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না বলে দাবি করেছেন কংগ্রেসের নেতা ও সমর্থকদের একাংশ।
এই ঘটনায় রাহুল গান্ধীর উদ্দেশে সুর চড়িয়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী অভিযোগ করেছেন, মহিলাদের অধিকার নিয়ে সরব হওয়া রাহুলের আচরণ তাঁর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিজেপি নেতারা হাসপাতালে গিয়ে রিচার সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, বিক্ষোভের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই সাংবাদিক।
