কর্মসূচির পরবর্তী পর্যায়ে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হয়। আগামী ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় আবেদন নেয়া হয়। সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়, ৫ হাজার ৩৫১টি। এছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
কর্মসূচির পরবর্তী পর্যায়ে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ : উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়। নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও এসএমই পোর্টালে পাওয়া যাচ্ছে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।