ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হুজাইফা ও আকরাম নামের ২০ মাস বয়সী দুই যমজ ভাইয়ের আকস্মিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হুজাইফা ও আকরাম ওই গ্রামের মোহাম্মদ আক্কাস মিয়ার সন্তান। শিশু দুটির একসংগে এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে এবং পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির উঠানে খেলাধুলো করছিল দুই যমজ ভাই। খেলার একপর্যায়ে তাদের হাতের বলটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সেই বলটি উদ্ধার করতে গিয়ে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায় এবং তাকে রক্ষা করতে গিয়ে বা বলটি আনতে গিয়ে অন্য ভাইও পানিতে পড়ে যায়। সাঁতার না জানা অবোধ শিশু দুটি মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁদের ভাসমান দেহ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক জানান, বল কুড়াতে গিয়েই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশু দুটির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যুর বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আকুল আবেদন ও মানবিক দিক বিবেচনায় কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর
