ছয় ব্রোকারেজ হাউস পাচ্ছে কমোডিটি ডেরিভেটিভসের লাইসেন্স। এই প্রতিষ্ঠানগুলোকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধনের লক্ষ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সুপারিশের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানকে কমোডিটির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসির কমিশন।
সোমবার (১৯ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
লাইসেন্স অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
ছয়টি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সুপারিশের ভিত্তিতে তাদের অনুকূলে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ লক্ষ্যে লেটার অব ইনটেন্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইর কমিশন।
কমোডিটি ডেরিভেটিভস বাজার চালুর প্রাথমিক পর্যায়ে সাতটি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে প্রস্তুত করার পরিকল্পনা ছিল। তবে বিএসইসির কমিশন সভায় ছয়টি প্রতিষ্ঠানের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের আদেশ মতে, এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি প্রাথমিক সম্মতিপত্র ইস্যুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
