নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বিমা সুবিধা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
এ চুক্তির আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা এবং জীবনহানির ঝুঁকিতে আর্থিক সুরক্ষার পাশাপাশি হাসপাতালে ভর্তি, বহির্বিভাগের চিকিৎসা এবং মাতৃত্বকালীন বিমা সুবিধা পাবেন।
এ অংশীদারত্বের ফলে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং জীবনের অনিশ্চয়তা থেকে সৃষ্ট আর্থিক ঝুঁকি মোকাবিলায় বিমা সুরক্ষা পাবেন। কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ চুক্তি করেছে উল্কাসেমি।
আরও পড়ুন
দাবি নিষ্পত্তিতে সাফল্য, গ্রাহককেন্দ্রিক বিমা সমাধান, ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি আর্থিক সক্ষমতা বিবেচনায় মেটলাইফকে বিমা প্রদানকারী হিসেবে নির্বাচন করেছে উল্কাসেমি। এসব সেবা বিমা দাবি নিষ্পত্তি দ্রুত ও সহজ করতে সহায়তা করে।
মেটলাইফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পরিশোধ করেছে আরও ১ হাজার ৩৮৪ কোটি টাকা। প্রতিষ্ঠানটির দাবি, উভয় সময়েই দেশের জীবন বিমা খাতে তাদের দাবি পরিশোধের পরিমাণ ছিল সর্বোচ্চ।
আরও পড়ুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্কাসেমি অন্যতম শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর পণ্য তৈরিতে কাজ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের আওতায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো, মোবাইল ডিভাইস, উচ্চক্ষমতাসম্পন্ন সিপিইউ ও জিপিইউ, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা সেন্টার, সার্ভার, গাড়ির প্রযুক্তি, নেটওয়ার্ক ও যোগাযোগব্যবস্থা, ক্লাউড অবকাঠামো এবং চিকিৎসাসেবা সরঞ্জাম।
আরও পড়ুন
প্রকৌশলগত দক্ষতা, গুণগত মান ও পেশাদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক গ্রাহকদের সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বিমা সেবা দিচ্ছে। পাশাপাশি ৯০০টির বেশি প্রতিষ্ঠানের তিন লাখেরও বেশি কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বিমা সুরক্ষার আওতায় রয়েছেন।
উল্কাসেমির সঙ্গে নতুন এ অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের আর্থিক নিরাপত্তা ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান। কর্মীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তি/সালমান/
