গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আকরামুল হক রুহি (১৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রুহির বন্ধু আবুবকর (১৭) গুরুতর আহত হয়েছে। আহত আবুবকরকে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনের বাউশিয়া সজিব পাম্পসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকরামুল হক রুহি কুমিল্লার দাউদকান্দী উপজেলার সুন্দুলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। আহত আবুবকর একই গ্রামের মতিন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. রনি বলেন, ‘বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি, দুজন আরোহীসহ একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে আছে। আমরা তাদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’
নিহত রুহির মামা সোহেল মিয়া বলেন, ‘আমার ভাগিনা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ২৭ অক্টোবর তার টেস্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের কী পরিহাস, আজ সে সড়ক দুর্ঘটনায় নিহত হলো।’
সোহেল মিয়া বলেন, রুহি ছোট থাকতেই তার বাবা মারা যান। মা রুহিকে নিয়ে তাঁদের বাসায় থাকতেন।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিমা তাহসিন বলেন, ‘বিকেল ৩টা ৫৫ মিনিটে দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

