রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে জর্জ অরওয়েলের কালজয়ী রাজনৈতিক রূপক উপন্যাস অবলম্বনে নাটক ‘এনিমেল ফার্ম’। আগামী ২৬ ও ২৭ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকটির নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। জর্জ অরওয়েলের মূল উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।
১৯৪৫ সালে প্রকাশিত ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার রাজনৈতিক বাস্তবতা থেকে অনুপ্রাণিত এই উপন্যাসে ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি এবং সাধারণ মানুষের অধিকার হরণের চিত্র তুলে ধরেছেন লেখক। দেশ ও কালের সীমানা ছাড়িয়ে উপন্যাসটির বক্তব্য আজও প্রাসঙ্গিক। এর বহুল আলোচিত উক্তি—‘সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান’—ক্ষমতা ও বৈষম্যের দ্বৈত বাস্তবতাকে তুলে ধরে।
নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, ‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। ইতিহাসে মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতার পালাবদল ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের এই উপন্যাস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।
নাটকটিতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। প্রযোজনাটির সহযোগী নির্দেশক ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক। সেট ও প্রপস পরিকল্পনায় রয়েছেন আব্দুর রাজ্জাক, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট। কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক ইমরান। মুখোশ পরিকল্পনা ও নির্মাণে রয়েছেন সোহায়েল রহমান উজান।
দর্শকদের জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট, আসন ও প্রদর্শনীসংক্রান্ত বিস্তারিত জানতে +৮৮০১৭১১৫৭৯৩১৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া অনলাইনে টিকিট বুকিং করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: https://tuca.edu.bd/book-ticket-animal-farm/
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছিল নাটকটির এই প্রযোজনা।
