স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ম্যাচে দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্বে থাকা জাজাইকে মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন আম্পায়াররা। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারেও আম্পায়ারদের অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করেন এই আফগান ক্রিকেটার।
আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করা প্রথম স্তরের অপরাধ হিসেবে বিবেচিত হয়। নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন জাজাই। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।
আবুধাবি টেস্টের শেষ দিনে দুই উইকেট হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ড্র করে আফগানিস্তান। শেষ দিকে ক্রিজে থাকা কায়েস আহমেদের শারীরিক সমস্যার কারণে খেলা থেমে থাকলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের আম্পায়ার আহসান রাজা ও আল্লাহুদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি।
